সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ই এপ্রিল) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (২৪) পাইকুরাটি ইউনিয়নের বৈরাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে হাওড়ে ধান কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মাপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ১৮ এপ্রিল ২০২৬