Logo

ধর্মপাশার সন্তান ইমনদোজ্জা আহমেদ পেলেন জাতীয় যুবশক্তির সিলেট বিভাগীয় দায়িত্ব

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২৬ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের কৃতী সন্তান ইমনদোজ্জা আহমেদ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির সিলেট বিভাগীয় দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইজবাড়ি গ্রামের শামসুদ্দোজা আহমদ সাজার ছেলে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় যুবশক্তির সমন্বয় সভায় ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আগের আহ্বায়ক তারিকুল ইসলামকে সভাপতি, প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

এর পরপরই সন্ধ্যায় জাতীয় যুবশক্তি তাদের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। ওই কমিটিতে ইমনদোজ্জা আহমেদকে সিলেট বিভাগের দায়িত্বভার প্রদান করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, নতুন এই কমিটির মাধ্যমে যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

নবনিযুক্ত বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ইমনদোজ্জা আহমেদ বলেন,“দল ও সংগঠনের প্রতি অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। সিলেট বিভাগের তরুণদের সংগঠিত করে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাব।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট বিভাগে জাতীয় যুবশক্তির কার্যক্রমে গতি আসবে এবং রাজনৈতিক অঙ্গনে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন