সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি খাতের আধুনিকায়ন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘কৃষিই সমৃদ্ধি’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) নাজমুল কবির। উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, প্রগতিশীল কৃষক মো. আজিজ মিয়া,সাংবাদিক সেলিম আহমেদ, এমারুল হক ও রাজু ভুঁইয়া।
কংগ্রেসে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং অংশীদারিত্বের ভিত্তিতে কৃষি উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ১৮ মে ২০২৬