জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘One Student One Tree’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ কান্ত বিশ্বাস।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজের আঙিনা ও খালি জায়গায় ফলজ গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মমতাজ উদ্দিন আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সৈয়দ জিয়াউল হক নিউটন, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহ আল মামুনসহ শিক্ষার্থীদের মধ্যে আশিকুর রহমান চৌধুরী, ইকবাল হোসেন জয়, জীবন আহমেদ, সায়েদ, ঝুমন আহমেদ ও সৌরভ আহমেদ প্রমুখ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ কান্ত বিশ্বাস বলেন, “শিক্ষার্থীদের একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে উদ্বুদ্ধ করতেই ‘One Student One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।”তিনি আরও বলেন, “আমাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। পর্যায়ক্রমে কলেজ ক্যাম্পাসে আরও ঔষধি, ফলজ ও ফুলজ গাছ রোপণ করা হবে"।
ডিপি ডেক্স নিউজ
প্রকাশের সময়: ২০ মে ২০২৬