Logo

ধর্মপাশার বেরীকান্দিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, সেবা পেলেন ২৫০ জন

ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ০১ জুন ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দি গ্রামে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগে ২৫০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শুক্রবার (২৯ মে) পবিত্র ঈদুল আজহার পরদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেরীকান্দি আলোকিত জনকল্যাণ সংঘের আয়োজনে এবং জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ)-এর সহযোগিতায় ক্যাম্পেইনটি পরিচালিত হয়। কর্মসূচির সকল ব্যয়ভার বহন করে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ)।

আয়োজক সূত্রে জানা যায়, গ্রামের মানুষের রক্তের গ্রুপ সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে মোট ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এ উদ্যোগের মূল উদ্যোক্তা মো. সানজিদ আহমেদ সজীব। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেন বেরীকান্দি আলোকিত জনকল্যাণ সংঘের স্বেচ্ছাসেবীরা। ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনায় দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যয়নরত চারজন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. সানজিদ আহমেদ সজীব বলেন, “আমাদের লক্ষ্য পুরো গ্রামের মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করা। দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে রক্তের সংকটে অনেক মানুষ ভোগান্তিতে পড়েন। সেই সমস্যা সমাধানে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, রক্তের গ্রুপ নির্ণয়ের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে তালিকার সফটকপি গ্রামবাসীর মধ্যে বিতরণ করা হবে এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কয়েকটি হার্ডকপিও সংরক্ষণ করা হবে।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তার নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন