Logo

প্রেমের টানে মোহনগঞ্জ এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

ডিপি ডেক্স নিউজ
প্রকাশের সময়: ৩০ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর সেই সম্পর্কের পরিণতি বিয়েতে। প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে নেত্রকোনার এক তরুণীকে মুসলিম রীতিতে বিয়ে করেছেন চীনা নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা (২০)। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নাজিম উদ্দিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি মোহনগঞ্জে বসবাস করছেন।

অন্যদিকে, চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে রেস্তোরাঁ পরিচালনা করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ফেসবুকে লিজা ও ওয়্যাং সুলিনের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উভয় পরিবার বিষয়টি জেনে সম্মতি দিলে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর কনের পরিবারের সদস্যরা তাঁকে মোহনগঞ্জে নিয়ে যান।

গত ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট সম্পন্ন করে তাঁদের বিয়ে নিবন্ধন করা হয়। আগামী ৩১ জুলাই মোহনগঞ্জে আনুষ্ঠানিক বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার। এ উপলক্ষে ইতোমধ্যে আয়োজনের প্রস্তুতি ও অতিথিদের আমন্ত্রণ কার্যক্রম চলছে।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, বিদেশি নাগরিককে বিয়ে দেওয়ার আগে তাঁরা ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং চীনা দূতাবাসের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য যাচাই করেন। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়স্বজনের পরামর্শে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের কাছেও অবহিত করা হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর চীনে ফিরে গিয়ে প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে সেখানে নিয়ে যাবেন।

এদিকে বিদেশি জামাইকে ঘিরে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে এবং ছবি তুলতে প্রতিদিনই স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, বিদেশি কনেকে ঘিরে প্রতারণার বিভিন্ন ঘটনার খবর থাকলেও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর বিয়ে হওয়ায় তাঁদের আর কোনো উদ্বেগ নেই। তিনি নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন