সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানেই হাজারো কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসে নেত্রকোনার মোহনগঞ্জে ধর্মপাশার এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কনে নাজমিন আক্তার লিজা (২০) নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে। তবে তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে। লিজা বর্তমানে মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
অপরদিকে, বর ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি নিজ দেশে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত।
পরিবার জানায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে লিজা ও ওয়্যাং সুলিনের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে লিজার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।
লিজার বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিদেশি নাগরিক হওয়ায় বিয়ের আগে চীনা দূতাবাসসহ সংশ্লিষ্ট সব মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর চীনে ফিরে প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র সম্পন্ন করবেন। এরপর লিজাকেও চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আগামী ৩১ জুলাই মোহনগঞ্জে নবদম্পতির আনুষ্ঠানিক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি চলছে।
এদিকে বিদেশি জামাইকে এক নজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ। অনেকেই নবদম্পতির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। বিষয়টি স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।
ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ৩০ জুলাই ২০২৬