সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ধারাম হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শরীফ আহমেদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে তার দুই সহোদর ভাই।
শনিবার (১ আগস্ট) দুপুর প্রায় ২টার দিকে জয়শ্রী ইউনিয়নের ধারাম হাওরের গাগলাখালী বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শরীফ আহমেদ জয়শ্রী ইউনিয়নের চানপুর গ্রামের ওয়ারিদ মিয়ার ছেলে। তার দুই সহোদর ভাই নাহিদ আহমেদ (৮) ও আরিফ আহমেদ (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাই মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পানির গভীর অংশে চলে যায় এবং স্রোতে তলিয়ে যায়। এ সময় আরিফ আহমেদ কোনোভাবে সাঁতরে তীরে উঠে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। অপরদিকে নাহিদ ও শরীফ স্রোতের বিপরীতে তীরে ওঠার চেষ্টা চালায়। একপর্যায়ে নাহিদ তীরে উঠতে সক্ষম হলেও শরীফ নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নৌকা, ট্রলার ও জাল নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টা ব্যাপক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে শরীফের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী
ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ০১ আগস্ট ২০২৬