সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রামদীঘা একতা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ইংরেজি পড়িয়েছেন মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে তিনি প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীদের পাঠদান করেন।
জানা যায়, শ্রেণিকক্ষে হঠাৎ ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে বিস্মিত হওয়ার পাশাপাশি আনন্দিত হয় শিক্ষার্থীরা। এ সময় ইংরেজি বিষয়ের বিভিন্ন বিষয় সহজভাবে বুঝিয়ে দেন তিনি। প্রশ্নোত্তর ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করে তোলেন। পাশাপাশি সহজে পড়া মনে রাখার বিভিন্ন কৌশল সম্পর্কেও পরামর্শ দেন।
শিক্ষার্থীরা জানায়, ইউএনওর ইংরেজি ক্লাসটি ছিল আনন্দদায়ক ও শিক্ষণীয়। তাঁর কাছ থেকে সরাসরি পাঠ গ্রহণের অভিজ্ঞতা তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র তালুকদার বলেন, “একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও যেভাবে তিনি শ্রেণিকক্ষে এসে পাঠদান করেছেন, তা শিক্ষার্থীরা দীর্ঘদিন মনে রাখবে। তাঁর এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে।”
পাঠদান প্রসঙ্গে ইউএনও জনি রায় বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের পড়াতে আমি ভীষণ আনন্দ পাই। জ্ঞান বিতরণের মতো তৃপ্তি আর কিছুতে নেই। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সরেজমিনে জানারও সুযোগ হয়।”
তিনি আরও বলেন, “উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের একজন কর্মচারী ও নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে সামান্য ভূমিকা রাখতে পারাও আমার জন্য গর্বের বিষয়।”
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ১৪ অক্টোবর ২০২৬