Logo

ধর্মপাশায় দুই দিনে পাগলা শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৬, আতঙ্কে এলাকাবাসী

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২৪ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শিয়ালের কামড়ে দুই বৃদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। গত দুই দিনে উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামে এসব ঘটনা ঘটে। সন্ধ্যার পর বিভিন্ন সড়কে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত সদর ইউনিয়নের উকিলপাড়া, কামলাবাজ ও নোয়াবন্দ দক্ষিণপাড়া গ্রামে শিয়ালের কামড়ে ছয়জন আহত হন।আহত ব্যক্তিরা হলেন উকিলপাড়া গ্রামের শাওন মিয়া (২৫), বিদ্যুৎ কুমার সিংহ (৩৫) ও মুশাহিদ মিয়া (৬০), কামলাবাজ গ্রামের মৃনাল সরকার (৫০) এবং নোয়াবন্দ দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও রেহান উদ্দিন খান (৮৫)।

আহত ব্যক্তিরা জানান, তাঁদের কেউ বাজার থেকে বাড়ি ফিরছিলেন, আবার কেউ বাড়ির সামনের সড়কে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় আকস্মিকভাবে শিয়াল তাঁদের ওপর হামলা চালিয়ে কামড় দেয়।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান শুভ বলেন, শিয়ালের কামড়ে আহত ছয়জনকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এদিকে, সন্ধ্যার পর সড়কে শিয়ালের এমন উপদ্রবের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন