সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মেয়াদ ও উৎপাদনের তারিখ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে এক বেকারি মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাছতলা বাজারের ‘ইমাম বেকারি’তে অনিয়ম ধরা পড়ে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেকারিটিতে উৎপাদিত বিভিন্ন পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় বেকারি মালিক মোঃ মিলন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, “জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যপণ্যের মান ও লেবেলিংয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২০ জানুয়ারি ২০২৬