ধর্মপাশায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২৭ জানুয়ারি ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত অভিযানে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বাদশাগঞ্জ বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে আব্দুল কাইয়ুম (২৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।তার বাড়ি পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি মাদক সেবনে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।