সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শিশুদের মাঝে আনন্দ উৎসব উদযাপন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পূর্ববাজারস্থ এপি অফিস প্রাঙ্গণে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি’র অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনে নিবন্ধিত একশত শিশুর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রোরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের সিডিও বিদ্যুৎ মাংসাং-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন। এছাড়া আরও বক্তব্য দেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ম্যানেজার সমল মানকিন এবং দৈনিক সংবাদ প্রতিনিধি সেলিম আহমেদ।
অনুষ্ঠানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রত্যেককে একটি করে স্কুল ব্যাগ এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের মাঝে ১০টি করে খাতা বিতরণ করা হয়। এ সময় শিশুরা গান, কবিতা, গজল ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও তিন হাজার নয়শত নিবন্ধিত শিশুর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা আগ্রহ বৃদ্ধি এবং তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬