Logo

ধর্মপাশায় ২১ ফেব্রুয়ারিতে জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষককে শোকজ

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে অবস্থিত শরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়টিতে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি স্থানীয় যুবক তুর্জয় হাসান শাকিল তাঁর ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী তৌহিদুন নবী বলেন, রাস্তার অবস্থা খারাপ থাকায় সেদিন বিদ্যালয়ে পৌঁছাতে তাঁর কিছুটা দেরি হয়েছে। পরে বিদ্যালয়ে এসে জাতীয় পতাকা উত্তোলনসহ দিবসটির অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি সকাল প্রায় পৌনে ১০টার দিকে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করেন। পরে দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সম্পাদক: সালেহ আহমেদ  নির্বাহী সম্পাদক: মহি উদ্দিন আরিফ  । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন