সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় তাহমিদ টেলিকম নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান খুলে ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আছরের নামাজের সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ও ব্যবসায়ী সোহেল রানা জানান, তিনি আছরের নামাজ আদায় করতে যাওয়ার সময় তার দোকান অর্ধেক বন্ধ করে পাশের উপজেলা মসজিদে যান। নামাজ শেষে দোকানে ফিরে এসে দেখেন দোকান খোলা।
বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন ক্যাশ বাক্সের তালা ভাঙা। পরে ক্যাশ বাক্স খুলে দেখেন সেখানে রাখা নগদ ২ লাখ ২০ হাজার টাকা নেই।
তিনি আরও জানান, দিনের বেলায় লোকচক্ষুর আড়ালে এমন ঘটনা ঘটায় তিনি হতবাক হয়েছেন। আশপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলেও কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।পরে তিনি এ ঘটনায় ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে সোহেল রানা বলেন, “আমি আছরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পর ফিরে এসে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে গেছে। দিনের বেলায় এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক।”
মোহাম্মদ সহিদ উল্যা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ধর্মপাশা থানা বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬