দৈনিক ধর্মপাশার খবর

আইন আদালত

ধর্মপাশায় গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) উপজেলা প্রশাসন ও জয়শ্রী ইউনিয়ন পরিষদের আয়োজনে জয়শ্রী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে Young Power in Social Action (YPSA)।দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাইকিং, র‌্যালি, আলোচনা সভা, ভিডিও শো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। এসব কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা কর্মসূচির বিভিন্ন পর্ব বাস্তবায়নে সহযোগিতা করেন।অনুষ্ঠানে উপজেলা সমন্বয়কারী মাহাবুবুল আলম উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে।

ধর্মপাশায় গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত