আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র এবং মাদ্রাসার শিক্ষকদের মাঝে ঈদ হাদিয়া বিতরণ করছেন মালদ্বীপ প্রবাসী সমাজসেবক কবির হোসেন বাবু। তার এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।জানা গেছে, তিনি উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দরিদ্র পরিবার, মাদ্রাসার এতিম ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তার এই মানবিক উদ্যোগ।মুঠোফোনে কবির হোসেন বাবু জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিষের বাতান গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জন্য আনন্দের দিন। কিন্তু সমাজে অনেক গরিব, অসহায় ও এতিম শিশু রয়েছে, যারা আর্থিক কষ্টের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্যই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। পাশাপাশি মাদ্রাসার সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামান্য ঈদ হাদিয়া দেওয়ার চেষ্টা করেছি।”তিনি আরও বলেন, “দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমির মানুষের সঙ্গে রয়েছে। প্রবাসে উপার্জিত আয়ের একটি অংশ দিয়ে এলাকার মানুষের পাশে থাকতে চাই। যদি এলাকার মানুষ আমাকে সুযোগ দেন, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, “আমি একজন তরুণ হিসেবে বিশ্বাস করি এলাকার উন্নয়নে তরুণদের শক্তি ও নতুন চিন্তাধারা খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের সম্পৃক্ত করে একটি উন্নত ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।”স্থানীয়রা জানান, প্রবাসে থাকলেও কবির হোসেন বাবু নিয়মিত এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করলে ইউনিয়নের উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন অনেকেই।