ম্যাজিস্ট্রেটের সামনে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও ওঠে।শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ইসলামাবাদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় দায়িত্ব পালনকালে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনি প্রচারণা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, কথোপকথনের সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, অন্যরা প্রচারণা চালালে কোনো সমস্যা হয় না, অথচ তিনি করলে বাধা দেওয়া হচ্ছে। এক পর্যায়ে তিনি ওই এলাকা ত্যাগ করতে না দেওয়ার কথাও বলেন এবং নিজেকে পরিচয় দিয়ে দাবি করেন, তিনি কোনো দলের প্রার্থী নন।এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই দিন ইসলামপুর এলাকায় নির্বাচনি আচরণবিধিমালা–২০২৫ এর ১৮ ধারা লঙ্ঘন করে প্রচারণা চালানো হচ্ছিল। বিধি ভঙ্গের কারণে তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়।এ ঘটনায় জুয়েল নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।